
◼️খাইরুল ইসলাম–ঢাকা
ঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) এবং প্রবেশনার সাব-ইন্সপেক্টর (পিএসআই)দের পেশাদারিত্ব ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং সেশন।
মঙ্গলবার ( ২৯ জুলাই) সকালে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।
তিনি বক্তব্যে বলেন, “আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। জনগণের সঙ্গে সরাসরি যুক্ত থাকার কারণে আপনাদের কাজের মাধ্যমেই পুলিশের ভাবমূর্তি তৈরি হয়। সঠিকভাবে দায়িত্ব পালন করলেই জনগণের আস্থা অর্জন সম্ভব।
জুলাই আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কমিশনার বলেন, “তদন্ত একটি জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুষ্ঠু ও ন্যায়সঙ্গত তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। আদালতে দাখিলকৃত চার্জশিটের তুলনায় সাজার হার বাড়াতে হলে তদন্তের মান উন্নত করতে হবে।
তিনি আরও বলেন, “প্রয়োজনে সিনিয়র কর্মকর্তাদের পরামর্শ নিতে হবে। প্রতিটি মামলার তদন্তে পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিতে হবে।
ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ বলেন, “আপনাদের নিয়োগ প্রক্রিয়া হয়েছে স্বচ্ছতার ভিত্তিতে। তাই কর্মক্ষেত্রেও স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নিজের আয় অনুযায়ী জীবন পরিচালনা করে সম্মানের সঙ্গে চাকরি করতে হবে।
তিনি বলেন, “এই চাকরি আমাদের জীবিকার উৎস, সম্মানের পথ। অন্য কেউ কী করছে, তা না দেখে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করাই পেশাদারিত্বের পরিচয়।
প্রথম ধাপে ২,৩৪৪ জন এসআইয়ের মধ্যে ৪৫০ জন এই ব্রিফিংয়ে অংশ নেন। পর্যায়ক্রমে সকল এসআই ও পিএসআইদের এই ব্রিফিংয়ে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
সেবার মান আরও বাড়াতে এবং নগরবাসীর আস্থা অর্জনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 
















