
◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার
বগুড়ার আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানা পুলিশ অভিযান পরিচালনা করে কালাইকুড়ি গ্রাম থেকে দুইজনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার কালাইকুড়ি পশ্চিমপাড়া গ্রামের আসলাম টালির ছেলে আবু সাঈদ (২৪) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিয়া পালপাড়া গ্রামের মহির উদ্দিন মন্ডলের ছেলে পিয়াস মন্ডল (৩০)। তাদের কাছ থেকে একটি চোরাইকৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত পিয়াস মন্ডলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক সংক্রান্ত প্রায় ১৫টি মামলা বিচারাধীন রয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গতকাল মঙ্গলবার তাদের বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 















