
◼️জাকির হুসাইন–নিজস্ব প্রতিবেদক
শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের হিজূলিয়া গ্রামে চলাচলের রাস্তা সংকটে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। প্রতিদিন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এ রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে থাকলেও, মাঝখানের প্রায় ১০০ ফুট রাস্তা এখনো ইটের সলিং থেকে বঞ্চিত।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার কাজ শুরুর পর পরই স্থানীয় দুলাল নামের এক ব্যক্তি কৌশলে রাস্তার জায়গা দখল করে তার বসতঘর নির্মাণ করেন। ফলে রাস্তাটির একাংশ আটকে পড়ে। দুই পাশে ইটের সলিং থাকলেও ঘরের পাশের অংশ মাত্র তিন ফুট প্রশস্ত, যেখানে যানবাহন তো দূরের কথা, স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।
বৃষ্টির দিনে এই দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করে। শিক্ষার্থী, রিকশাচালক ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে পড়ে যান। এমনকি মৃত ব্যক্তিদের কবরস্থানে নেওয়ার সময়ও স্থানীয়রা বিপাকে পড়েন।
স্থানীয় বাসিন্দারা জানান, এ সমস্যা সমাধানে একাধিকবার দুলালের সঙ্গে সালিশ বৈঠক হয়েছে। একপর্যায়ে দুলাল নিজের ভুল স্বীকার করে ঘর সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং প্রাথমিকভাবে ২০ হাজার টাকাও গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে একজন আত্মীয়ের প্ররোচনায় তিনি সেই সালিশ অমান্য করে স্থানীয়দের নামে আদালতে মামলা দায়ের করেন।
স্থানীয়দের অভিযোগ, হিজূলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বাতেন মিয়া ও মতলিবের বিরুদ্ধেও মামলা করেছেন দুলাল, যা এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের জন্ম দিয়েছে। এলাকাবাসী দুলালকে একজন প্রতারক হিসেবে অভিহিত করে দ্রুত রাস্তার সমস্যার স্থায়ী সমাধান চান।
এখন এলাকাবাসীর একটাই দাবি—দুলালের বসতঘর অন্যত্র সরিয়ে দিয়ে বন্ধ হওয়া রাস্তাটি পূর্ণাঙ্গভাবে ইটের সলিং করা হোক। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
প্রতিবেদকের নাম 















