
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে ঘটনাস্থলেই বস্তুটিকে সফলভাবে নিষ্ক্রিয় করে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ডিএমপি সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা আনুমানিক সোয়া ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে দায়িত্বরত পুলিশ সদস্যরা একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান। পরবর্তীতে সন্দেহ হলে ছাতাটি পরীক্ষা করে এর ভেতরে আইইডি সদৃশ বস্তু দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা পুরো এলাকা কর্ডন করে নিরাপত্তা নিশ্চিত করেন এবং বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করেন।
খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষ দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং ঝুঁকিমুক্তভাবে বস্তুটির নিষ্ক্রিয়করণ সম্পন্ন করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বস্তুটির উৎস কোথায় এবং কী উদ্দেশ্যে এটি সেখানে রাখা হয়েছিল, সে বিষয়ে খতিয়ে দেখতে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলোর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক | ঢাকা 



















