
শফিকুল বারি- সুনামগঞ্জ:◾
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাসেবা ও ওষুধে অনিয়মসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৬ মে) দুপুরের পর এ অভিযান পরিচালনা করেন দুদকের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার।
অভিযানকালে হাসপাতালের ওয়ার্ড, ফার্মেসি, স্টোররুম এবং প্রশাসনিক কক্ষসহ বিভিন্ন দপ্তরের নথিপত্র পরীক্ষা করেন দুদক কর্মকর্তারা। তারা সরকারি ওষুধ এবং বিভিন্ন পণ্যের টেন্ডার সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট ডকুমেন্টস খুঁজে পাননি বলে জানান।
সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, “হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, রোগীদের প্রতি অব্যবস্থাপনা এবং নিয়ম বহির্ভূতভাবে অনুপস্থিত থাকা—সব মিলিয়ে সেবা খাতে চরম দুর্নীতি চলছে।”
তিনি আরও জানান, সাবেক কর্মচারী সুলেমানের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে অনিয়মে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রশাসনিক তদারকিতেও চরম গাফিলতির অভিযোগ উঠে এসেছে।
অভিযানের সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান অনুপস্থিত থাকায় দায়িত্বে থাকা কর্মকর্তারা অনেক বিষয়ে তথ্য দিতে পারেননি।
সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, “সব নথিপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রতিবেদকের নাম 













