
বগুড়ার নন্দীগ্রামে ৩২ লাখ টাকা ব্যয়ে একটি আরসিসি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকেলে নন্দীগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝগ্রামে আব্দুল করিমের বাড়ি থেকে আব্দুল মোমিনের বাড়ি পর্যন্ত ১৬০ মিটার দীর্ঘ এই সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন।
বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩২ লাখ ৩২ হাজার ৯৮১ টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে সংসদ সদস্য মোশারফ হোসেন নন্দীগ্রাম পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন। এরপর তিনি নন্দীগ্রাম ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি হাসপাতালের সেবার মানোন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়দের উদ্দেশ্যে সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, “এলাকার মানুষের জীবনমান উন্নয়নে অবকাঠামো নির্মাণের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বাড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নন্দীগ্রাম ও কাহালুকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।”
দীর্ঘ প্রতীক্ষিত এই সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত কাজ শেষ করে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানান।
বগুরা প্রতিনিধি 
























