
◼️আল আমিন–নরসিংদী
নরসিংদীর শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত এস এম মোস্তাইন হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০২৩ সালের ২৩ জুন থেকে এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। তদন্ত চলাকালীন সময়েই অন্যতম আসামি মহসিন মিয়া দুবাই পালিয়ে যায়। পরে ইন্টারপোলের রেড এলার্ট জারি হলে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
২০ জুলাই তাকে গ্রেপ্তারের পর বাংলাদেশ পুলিশের একটি দল দুবাই গিয়ে মহসিনকে দেশে ফিরিয়ে আনে। ২১ জুলাই তাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মহসিন মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েছ আলীর ছেলে।
পিবিআই জানায়, মামলার ১৭ জন আসামির মধ্যে এরইমধ্যে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গু*লি করা হয়। এরপর ৯৪ দিন চিকিৎসাধীন থেকে ৩১ মে মারা যান তিনি।
এ হত্যাকাণ্ড নিয়ে শিবপুরসহ পুরো নরসিংদী জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। পুলিশের ধারাবাহিক তদন্তে একের পর এক আসামি গ্রেপ্তার হয় এবং এখন মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আসামি মহসিনের গ্রেপ্তার মামলার তদন্তে গতি এনে দিয়েছে বলে মনে করছে পিবিআই।
প্রতিবেদকের নাম 















