
◼️তারিকুল ইসলাম তারেক
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর বিএডিসি বীজ উৎপাদন খামারে ফের উত্তাল হয়ে উঠেছে শ্রমিক আন্দোলন। এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম কৃষি খামার হিসেবে পরিচিত এ প্রতিষ্ঠানে কয়েকশ’ স্থায়ী ও অস্থায়ী শ্রমিক দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করে আসছেন।
শ্রমিকদের অভিযোগ, নতুন শ্রমিক নিয়োগ নীতিমালা ১৫ এপ্রিল ২০২৫ কার্যকর হওয়ার পর থেকে তাদের চাকরির স্থায়িত্ব, বেতন কাঠামো ও মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তারা দাবি করছেন, এই নীতিমালা বাতিল করে কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭ পুনর্বহাল করতে হবে। এ ছাড়া শ্রমিক ম্যানুয়াল সংশোধন এবং শ্রমিকদের অধিকার সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করার জোর দাবি তুলেছেন তারা।
সোমবার(১৮ আগষ্ট) সকালে শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন। কয়েকজন শ্রমিক নেতা বলেন, “দত্তনগর খামার দেশের কৃষি উৎপাদনে বড় অবদান রাখছে। অথচ এখানকার শ্রমিকরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এটি অমানবিক এবং অবিচার।”
স্থানীয় কৃষক ও এলাকাবাসীও শ্রমিকদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, দত্তনগরের মতো একটি গুরুত্বপূর্ণ কৃষি খামারে শ্রমিক অসন্তোষ দেশের খাদ্য নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে, বিএডিসি কর্তৃপক্ষ আলোচনার আশ্বাস দিলেও এখনো কোনো লিখিত সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে শ্রমিকদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। শ্রমিক নেতারা মনে করেন, দেরি হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে এবং আন্দোলন দেশের অন্যান্য কৃষি খামারেও ছড়িয়ে পড়তে পারে।
শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকদের ন্যায্য মজুরি ও কাজের পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এজন্য সরকার, কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোকে দ্রুত সমাধানে এগিয়ে আসতে হবে।
প্রতিবেদকের নাম 















