
খাইরুল ইসলাম–ঢাকা◼️
জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে নির্দেশ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার ( ১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে কমিশনের সদস্যরা জুলাই সনদ প্রণয়নের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং জানান, দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টা কমিশনের প্রতিটি সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই সনদ জাতির জন্য এক ঐতিহাসিক দলিল হয়ে উঠবে। এর প্রতিটি ধাপ জনগণের চোখের সামনে স্বচ্ছভাবে সম্পন্ন হওয়া দরকার।
তিনি আরও বলেন, ‘গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে এই প্রক্রিয়াকে গণমুখী ও গ্রহণযোগ্য হতে হবে। কমিশনের প্রতিটি বৈঠক টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়ায় দেশের মানুষ তা প্রত্যক্ষ করছে এবং আন্তর্জাতিক মহল থেকেও প্রশংসা পাওয়া যাচ্ছে।
বৈঠকে ড. আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে আটটি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আরও সাতটি বিষয়ে আলোচনা চলছে এবং দ্রুতই সেগুলোতেও সিদ্ধান্তে পৌঁছানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা ও নতুন রাজনৈতিক চুক্তির পথে এই জুলাই সনদ প্রণয়নকে কেন্দ্র করে সরকারের সর্বোচ্চ স্তর থেকে গুরুত্বারোপ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রতিবেদকের নাম 
















