
◼️ওমর ফারুক–কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে র্যাব-১৫ এর সদস্যদের অভিযানে ধরা পড়েছে দীর্ঘদিন পলাতক থাকা শীর্ষ সন্ত্রাসী মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনু সালাম ডাকাত (৩৫)।
শুক্রবার (২৫ জুলাই)রাত আনুমানিক আড়াইটার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। এ সময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটার বন্দুক, সাত রাউন্ড তাজা গুলি ও একটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আনু সালাম কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আনু সালামের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, মাদক, হত্যাচেষ্টা, বনভূমি দখলসহ মোট ৯টি মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে সে উখিয়া ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। স্থানীয়দের অভিযোগ, সে দলীয় প্রভাব ব্যবহার করে সরকারি বনভূমি দখল করে ঘরবাড়ি তৈরি করে এবং সংরক্ষিত বন এলাকায় বসবাসরতদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করত।
অপহরণ ও ডাকাতির অভিযোগেও তার বিরুদ্ধে একাধিকবার থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ জমা পড়ে।
সূত্র জানায়, অভিযুক্তকে ধরতে প্রথমে এপিবিএন ব্যর্থ হলে, জেলা পুলিশের অনুরোধে র্যাব-১৫ অভিযানে নামে। গত এক সপ্তাহ ধরে অভিযানের পর শুক্রবার রাতে সফলতা পায় র্যাব।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 















