
আরিফুর রহমান তীব্র–লক্ষ্মীপুর সদর◼️
চন্দ্রগঞ্জকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে আবারও সরব হয়ে উঠেছেন স্থানীয়রা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ এই দাবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু করেছেন প্রচার-প্রচারণা। তার মতে, এ দাবি কোনো দলের একার নয়—এটি জনমানুষের মৌলিক দাবি, যা দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আছে।
এ বিষয়ে তিনি বলেন, “চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়নের জন্য আমাদের এখনই তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে ঝড় তুলতে হবে। এই ঝড় সাগরের না, এই ঝড় উঠবে ফেসবুকের পাতায় পাতায়, মানুষের হৃদয়ের গভীর থেকে।
চন্দ্রগঞ্জকে উপজেলা করার দাবি বহু পুরোনো হলেও সম্প্রতি তা নতুন করে প্রাণ পেয়েছে। আগামী ১০ জুলাই ২০২৫, সকাল ১১টায় বটতলী বাজারস্থ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গণশুনানি। এ গণশুনানিকে ঘিরে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।
উক্ত গণশুনানিতে ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, সমাজকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, একটি জনবহুল ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও চন্দ্রগঞ্জ এখনো উপজেলা হিসেবে স্বীকৃতি পায়নি। উপজেলা বাস্তবায়িত হলে প্রশাসনিক ও নাগরিক সেবা সহজলভ্য হবে, বাড়বে উন্নয়নের গতি। বক্তারা মনে করেন, এই দাবিকে রাজনৈতিক রঙ না দিয়ে এলাকার স্বার্থে ঐক্যবদ্ধভাবে তুলে ধরা দরকার।
চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণা করতে হলে জনগণের সরব উপস্থিতি এবং ঐক্যবদ্ধ অবস্থান এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তোফাজ্জল হোসেন সবুজ।
প্রতিবেদকের নাম 















