
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি◼️
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের এবং ২ জন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে সীমান্ত এলাকার বিজয়পুর বিওপির ১১৪৮/৪-এস পিলারসংলগ্ন আড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম জানান, হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল পুশইন হওয়া ২১ জনকে বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া থেকে আটক করে।
বিজিবি জানায়, আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলার মধ্যে রয়েছে—ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কেউ এক সপ্তাহ আগে আবার কেউ ৭ বছর আগে ভারতের দিল্লিতে গিয়েছিলেন কাজের উদ্দেশ্যে। সেখান থেকে তাদের বিভিন্ন এলাকা থেকে একত্র করে দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর হয়ে আসামে আনা হয়। পরে বিএসএফ তাদের বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।
আটকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, এই ধরণের পুশইন ঘটনা নিয়ে ঊর্ধ্বতন মহলে রিপোর্ট পাঠানো হয়েছে এবং কূটনৈতিকভাবে বিষয়টি তোলার প্রস্তুতি চলছে।
প্রতিবেদকের নাম 















