
◼️আল আমিন–নরসিংদী
নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে জুতা, ইলেকট্রনিক্স ও মুদির দোকানসহ বহু মূল্যবান মালামাল ভস্মীভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বুধবার(৬ আগষ্ট) সকাল ৭টার দিকে মার্কেটের একটি অংশ থেকে হঠাৎ ধোঁয়া এবং আগুনের শিখা উঠতে দেখা যায়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা প্রাণপণে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। খবর পেয়ে মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন। এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, “সকালে দোকান খুলতেই দেখি ধোঁয়া উঠছে। কিছুই বাঁচাতে পারিনি, সব পুড়ে শেষ হয়ে গেছে।”
ঘটনার পর পুলিশ ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করেন। স্থানীয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
প্রতিবেদকের নাম 















