
◼️দেলোয়ার খান–স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে।বুধবার(৬ আগষ্ট) সকালে ঢাকা বিমানবন্দর থেকে ওমান ফেরত এক প্রবাসীকে নিয়ে আসার পথে চন্দ্রগঞ্জ পূর্ববাজারে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন নারী ও চার শিশুর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটিতে একই পরিবারের ১০ জন ছিলেন। নোয়াখালীর বর্ডারের কাছে বড় মসজিদের সামনের সেতুর পাশে গাড়িটি গভীর খালে পড়ে যায়। ড্রাইভারসহ প্রবাসী এবং আরও তিনজন পুরুষ জানালা ভেঙে বের হতে সক্ষম হলেও পানির গভীরতায় আটকে পড়েন শিশুরা ও নারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের ভ্রমণ শেষে চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা চালিয়ে লাশগুলো উদ্ধার করা হয়।
সড়ক দুর্ঘটনার এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে, বিশেষ করে চালকের অবসাদ ও অতিরিক্ত ট্রিপের কারণে। নিরাপদ যাত্রার জন্য রাতের যাত্রী পরিবহনে চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা এবং ট্রিপের সংখ্যা নিয়ন্ত্রণ করার দাবি উঠেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিবেদকের নাম 















