
◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুত্রবধূ রিভা ও শ্বশুর আফতাব উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য জিয়ারুল মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত ৮ জুলাই রাত থেকে ৯ জুলাই ভোরের মধ্যে জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ গ্রামে নিজ বাড়িতে আফতাব উদ্দিন (৭০) ও তার পুত্রবধূ রিভা (৩৫) কে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর তাদের হাত-পা-মুখ রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর নিহতের মেয়ে বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৮, তারিখ ১০ জুলাই ২০২৫।
হত্যাকাণ্ডের পর র্যাব-১২, সিপিএসসি বগুড়া দ্রুত তদন্তে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার আসামি জিয়ারুল মোল্লা শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় দক্ষিণপাড়া এলাকায় অবস্থান করছে। এরপর র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় একটি আভিযানিক দল ১৮ জুলাই রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জিয়ারুল মোল্লার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
র্যাব-১২ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রতিবেদকের নাম 















