
আরিফুর রহমান তীব্র– লক্ষ্মীপুর সদর◼️
ঝড়-বৃষ্টি উপেক্ষা করে লক্ষ্মীপুর সদর উপজেলার অন্তর্গত ১৮ নং কুশাখালী ইউনিয়নের মানুষজন রাস্তায় নেমেছেন মানববন্ধনে। তারা জানিয়েছেন, সদরের আওতায় থেকেই তারা উন্নয়ন ও নাগরিক সুবিধা ভোগ করতে চান।
জানা যায়, গত ৭ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে উল্লেখ ছিল—নয়টি ইউনিয়ন নিয়ে নতুন “চন্দ্রগঞ্জ উপজেলা” গঠনের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে ১০ জুলাই।
তবে এই প্রস্তাবনায় কুশাখালী ইউনিয়নবাসী একেবারেই রাজি নন। তারা মনে করেন, চন্দ্রগঞ্জের সঙ্গে যুক্ত হলে তাদের যাতায়াত ব্যবস্থা দুর্বিষহ হয়ে উঠবে। একই সঙ্গে বিভিন্ন সরকারি সেবা পাওয়ায় অসুবিধা হবে।
তাদের দাবিতে বুধবার (৯ জুলাই) অনুষ্ঠিত মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী, নারী ও প্রবীণসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন সদর উপজেলার অধীনে সকল সুবিধা পেয়ে এসেছি। হঠাৎ করে প্রশাসনিক ভাগাভাগি করে আমাদের জীবনে নতুন ভোগান্তি তৈরি করবেন না।
তারা সরকারের কাছে আহ্বান জানান, গণশুনানিতে যেন স্থানীয়দের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবার কণ্ঠেই ছিল একই সুর,কুশাখালীকে সদরেই থাকতে দিন।
তাদের মতে, জনগণের সম্মতি ছাড়া কোনো প্রশাসনিক পরিবর্তন হলে তা স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।
প্রতিবেদকের নাম 















