
মোঃ রাজু আহম্মেদ–খুলনা◼️
খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নে ভিডাব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে আয়োজিত হয় যাচাই-বাছাই কার্যক্রম। গত ৩ জুলাই এলাকাবাসী অভিযোগ করে জানান, বিতরণে অনিয়ম হয়েছে। এর প্রেক্ষিতে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। পুরো প্রক্রিয়া পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসআই নুর আলম।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের সরকারি বরাদ্দকৃত ২২১ জন ভিডাব্লিউবি কার্ডধারীর তালিকা যাচাই করা হয়। অভিযোগকারী, রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, বিএনপি নেতা আবুল হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সোহেল রাশেদ জনি, মো. জাহাঙ্গীর আলম, আবু বক্কর সিদ্দিক, আজহারুল ইসলাম, আসাদ আল হাফিজ, জিয়ারুল ইসলাম, মো. আবু জাফরসহ অনেকে।
উল্লেখযোগ্য যে, যাচাই-বাছাইয়ের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩০ জনের বিষয়ে অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাচাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এটি ছিল প্রশাসনের পক্ষ থেকে একটি স্বচ্ছ ও সময়োপযোগী উদ্যোগ, যা ভাতাভোগী নারীদের প্রকৃত প্রাপ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবেদকের নাম 















