
◼️মোহাম্মদ সান–মেহেরপুর জেলা
মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের ইজিবাইক চালক জামাল হোসেন হত্যা মামলায় বাচ্চু মিয়া নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে মেহেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাচ্চু মিয়া মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিবের ছেলে।
২০২২ সালের ৮ সেপ্টেম্বর জামাল হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ ফেলে রাখা হয় মেহেরপুর শহরের মল্লিক পাড়ার হাসেম মিয়ার লিচু বাগানে। পরে তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় ঘাতক। পুলিশ ঘটনাস্থল থেকে জামালের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে ১০ সেপ্টেম্বর মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে উঠে আসে বাচ্চু মিয়ার নাম। গ্রেফতারের পর সে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যে বাচ্চু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী রেহান উদ্দিন মনা।
প্রতিবেদকের নাম 















