
মোঃ জসিম–দিনাজপুর জেলা◼️
দিনাজপুরের বিরল উপজেলায় র্যাব-১৩, সিপিসি-১-এর অভিযানে ফেন্সিডিল সদৃশ নতুন মাদকদ্রব্য ‘ফেয়ারডিল’সহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের বড় হিন্দুপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ধর্মপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৮) ও মৃত মহিনী চন্দ্র বর্মণের ছেলে ফাগু চন্দ্র বর্মণ (৪২)-কে আটক করেন।
তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ফেন্সিডিল সদৃশ ১৯৮ বোতল ফেয়ারডিল। মাদকের পাশাপাশি গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ডও জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে গোপনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নতুন ধরনের মাদক এলাকায় ছড়িয়ে পড়ায় যুবসমাজ মারাত্মক ঝুঁকিতে পড়ছিল। র্যাবের এ পদক্ষেপ এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে সাহস যোগাবে বলে জানান তারা।
প্রতিবেদকের নাম 















