
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সাজ্জাদ হোসেন আশিক (২০) নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক-মিরপুর বিভাগ। তবে এ সময় কৌশলে গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন চালক।
শনিবার (১৮ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্বরত সার্জেন্ট অনিরুদ্ধ মহাসড়কে বেপরোয়া গতিতে আসা একটি স্পোর্টস কারকে থামার সংকেত দেন। গাড়িটি থামার পর চালকের কাছে বৈধ কাগজপত্র চাওয়া হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে চালক গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন।
পরে স্থানীয়দের সহায়তায় গাড়িটি আটকে চালকের পাশের আসনে থাকা সাজ্জাদকে নিচে নামানো হয়। তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এই সুযোগে গাড়িটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
আটক সাজ্জাদকে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক | ঢাকা 




















