
কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি প্রাইভেটকারের ট্রলি ব্যাগ থেকে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়ার মৃত নজির আহাম্মেদের ছেলে নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা, বর্তমানে ঢাকার খিলক্ষেতে বসবাসকারী মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি সাদা রঙের সেডান প্রাইভেটকার মেহেরঘোনা চেকপোস্টে থামানো হয়। তল্লাশির সময় গাড়ির চালক ও যাত্রীর আচরণ ও কথাবার্তায় সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গাড়িতে থাকা দুটি ট্রলি ব্যাগ তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা সাধারণ যাত্রীর ছদ্মবেশে ট্রলি ব্যাগের ভেতরে করে দীর্ঘদিন ধরে এই মাদকের চালান বহন করে আসছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত নজির আহাম্মেদ একজন চিহ্নিত ও অভ্যাসগত মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানী ঢাকার বংশাল থানা, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী থানা, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
আব্দুল্লাহ আল নোমান 











