
ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের একটি মশাল মিছিল থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের ৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি ডিজিটাল ব্যানার ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাতে আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সাভার মডেল থানার পুলিশ ফাঁড়ির এএসআই আহসান এই আটকের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে সালেহপুর ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আকস্মিক একটি মশাল মিছিল বের করেন। এ সময় টহলরত পুলিশের সামনে পড়ে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করে।
এ বিষয়ে সাভার থানার পুলিশ ফাঁড়ির এএসআই আহসান জানান, আটককৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের কাছ থেকে মিছিলের ডিজিটাল ব্যানার ও যাতায়াতে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
রবিউল হাসান (ঢাকা) 









