
বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই মনোনয়নের কথা জানানো হয়। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।
ব্যারিস্টার আবিদুল হকের পিতা প্রয়াত ফজলুল হক আছপিয়া সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক হুইপ ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির দীর্ঘকাল আহ্বায়ক ও সভাপতির দায়িত্বও পালন করেছেন।
ব্যারিস্টার আবিদুল হক সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
এরশাদুল হক (সুনামগঞ্জ) 


















