
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু লুটপাট বন্ধ, নদী রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং দ্রুততম সময়ে বৈষম্যহীন ইজারা চালুর দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শহরের কেন্দ্রস্থল আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) ‘ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটির উপদেষ্টা এরশাদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ নূরের পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক গোলাম হোসেন অভি। কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শেখ এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আল আমিন, অমিত তালুকদার, আজিজুর রুহেল, শফিকুল বারী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী শহীদুল ইসলাম পলাশী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ ও স্থানীয় অর্থনীতি রক্ষায় ধোপাজান চলতি নদী সুনামগঞ্জ জেলার অন্যতম প্রধান সম্পদ। কিন্তু দীর্ঘদিন ধরে ইজারা বন্ধ থাকার সুযোগে একশ্রেণির অসাধু ও প্রভাবশালী বালু খেকো চক্র রাতের আঁধারে স্টিলবডি, বলগেট ও বাল্কহেড নৌকা ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট চালিয়ে যাচ্ছে। এতে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতির পাশাপাশি নদীর দুই তীরের পরিবেশ ও তীরবর্তী সাধারণ মানুষের বসতবাড়ি মারাত্মক হুমকির মুখে পড়েছে।
পরিবেশ রক্ষায় এ সময় প্রশাসনের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়:
ধোপাজান চলতি নদী থেকে রাতের আঁধারে অবৈধ বালু ও পাথর উত্তোলন অবিলম্বে বন্ধ করা। আইনানুগভাবে বালুমহাল ইজারা না দেওয়া পর্যন্ত নদীতে সকল প্রকার বালু উত্তোলন বন্ধ রাখা।
রাতে নিয়মিত প্রশাসনিক টহল জোরদার করা এবং দ্রুতগতিতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা। অসাধু বালু খেকো চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রহমতুল্লাহ, আলাউর রহমান, মাজহারুল ইসলাম সুবেল, মো. শরীফ, জুলাই যোদ্ধা আজিজুল হকসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ ও সর্বস্তরের জনগণ।
অনতিবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করে পরিবেশ ও প্রকৃতির ধ্বংসের হাত থেকে নদীটি রক্ষায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।
এরশাদুল হক (সুনামগঞ্জ) 



















