
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের বাধা দিতে গিয়ে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা খু*ন হয়েছেন। এ সময় ডাকাতদের হামলায় সুরুজ মিয়া (৭০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে মাধবদী থানার বলবর্দী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল শাহজাহান মিয়ার বাড়িতে হানা দেয়। পরিবারের সদস্যরা প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শাহজাহান মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুরুজ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ডাকাতদল প্রায় ২০-২৫ মিনিট ধরে বাড়িতে তাণ্ডব চালায়। এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরও জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। এলাকায় এ ঘটনায় শোকের ছায়া ও আতঙ্ক বিরাজ করছে।
মোস্তফা মিয়া, নরসিংদী 




















