
দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে থাকা নরসিংদীর পৌর কেন্দ্রীয় কবরস্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের ব্যক্তিগত উদ্যোগে ও নির্দেশনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে কবরস্থানটির বিভিন্ন অংশে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। পাশাপাশি যত্রতত্র আবর্জনার স্তূপ জমে থাকায় দর্শনার্থী ও স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ কর্মীদের নিয়ে সেখানে উপস্থিত হন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
এ বিষয়ে সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, ‘কবরস্থান আমাদের সকলের শেষ গন্তব্য। এর পবিত্রতা ও পরিচ্ছন্নতা রক্ষা করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। কোনো রাজনীতি নয়, মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। জনস্বার্থে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
ছাত্রদলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই কবরস্থানটি পরিষ্কার করার মতো প্রয়োজনীয় কোনো পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেয়নি। ছাত্রদলের তরুণদের এমন মানবিক কাজ এলাকাবাসীর মধ্যে দারুণ প্রশংসিত হয়েছে। তবে কবরস্থানের দীর্ঘমেয়াদী পরিবেশ ঠিক রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
মোঃ আল-আমিন | নরসিংদী 




















