
মোস্তফা মিয়া- নরসিংদী
নরসিংদীর নারায়ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি রয়েল কোচ এসি বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে যাত্রীদের উদ্ধারে সহায়তা করেন। কিছুক্ষণের মধ্যেই আশপাশের গ্রামবাসীও ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজে অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে নারী ও শিশুসহ অন্তত ৩০-৩৫ জন যাত্রী ছিলেন।
বাসটি কীভাবে খাদে পড়ল—তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসতর্কতা বা প্রযুক্তিগত ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।
আহত যাত্রীদের অনেকেই স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন, তবে গুরুতর আহত কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, রাতে অতিরিক্ত গতি ও চালকদের অসচেতনতার কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রতিবেদকের নাম 





















