
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গরুর ধান খাওয়া নিয়ে বিরোধের জেরে সেলিম মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ আটজনকে গ্রেফতার করেছে র্যাব। গত ২৭ জুলাই দিবাগত রাতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. কাজল মিয়া (৪০), মো. দুলাল মিয়া (৩৮), হিরন মিয়া (৪৪), রাজিক মিয়া (৩৯), ফুল মিয়া (৩০), আতিক মিয়া (৩৪), আশিক মিয়া (৩৭) এবং রাজু মিয়া (২৪)। তাদের সবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর গড়গড়িকান্দি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দুই দিন আগে অভিযুক্ত দুলাল মিয়ার গরু সেলিমের চাচার জমির ২০-২৫টি কদম গাছের চারা খেয়ে নষ্ট করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর ধারাবাহিকতায় গত ১০ জুলাই সকালে সেলিম ও তার স্বজনরা মাঠে ধানের বীজতলার জমিত কাজ করার সময় একই গরু ফের বীজ খাওয়া শুরু করলে পুনরায় তর্কাতর্কি বাধে।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দুলাল মিয়া বাড়ি গিয়ে অন্যান্যদের দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডেকে এনে সেলিম মিয়া ও তার স্বজনদের ওপর হামলা চালান। এ সময় তাদের এলোপাতাড়ি মারপিটে সেলিমসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিম মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব-৯ ও র্যাব-১৩। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় এই আট পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার বাকি আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এরশাদুল হক (সুনামগঞ্জ) 



















