
মোস্তফা মিয়া- নরসিংদী◾
নরসিংদী জেলায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রক্রিয়ায় ইতিহাস সৃষ্টি হয়েছে। মাত্র ১২০ টাকা খরচে ২৩ জন তরুণ-তরুণী স্বপ্ন পূরণ করে পেয়েছেন পুলিশের চাকরি।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে নরসিংদী জেলা পুলিশের আয়োজনে নিয়োগ বোর্ডের মাধ্যমে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে সর্বোচ্চ মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়। তালিকা ঘোষণা করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আব্দুল হান্নান।
ফলাফল ঘোষণার পরপরই নির্বাচিত প্রার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়। এ সময় উত্তীর্ণরা আবেগপ্রবণ হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। স্বচ্ছ, ঘুষমুক্ত ও মেধা-ভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়া দেখে অনেকেই বিস্মিত ও আনন্দিত।
উপস্থিত অভিভাবকদের অনেকে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শুধু ১২০ টাকা খরচে ছেলেমেয়েরা যদি চাকরি পায়, তাহলে আমাদের দেশের যুবসমাজ আবারও আশায় বুক বাঁধবে। ঘুষ ছাড়া চাকরি হলে দেশে সত্যিকারের উন্নয়ন হবে, আইনের প্রতি মানুষের আস্থা ফিরবে।”
পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান নির্বাচিত প্রার্থীদের সততা, নিষ্ঠা এবং দেশসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “এই নিয়োগ প্রক্রিয়ায় একটুও দুর্নীতি হয়নি। পুলিশে যোগ দেওয়ার প্রথম ধাপেই যদি একজন তরুণ-তরুণী স্বচ্ছতার মাধ্যমে আসেন, তাহলে তারা দেশ ও মানুষের কল্যাণেই কাজ করবে।”
নরসিংদীর ইতিহাসে এই নিয়োগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকল—যেখানে সৎ পথে, অল্প খরচে মেধার ভিত্তিতে সরকারি চাকরি পাওয়ার বাস্তব উদাহরণ সৃষ্টি হলো।
প্রতিবেদকের নাম 




















