
দীর্ঘ ছয় মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন কক্সবাজারের টেকনাফের সাংবাদিক আরাফাত সানি। পরিবার ও সহকর্মীদের দীর্ঘদিনের দাবি এবং আইনি লড়াই শেষে সোমবার তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।
মুক্তির পর স্বজন, সহকর্মী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। তার এই কারামুক্তিতে টেকনাফসহ পুরো কক্সবাজারের সাংবাদিক মহলে স্বস্তি ও আনন্দের পরিবেশ ফিরে এসেছে।
এর আগে গত জানুয়ারি মাসে পেশাগত দায়িত্ব পালনকালে একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সাংবাদিক আরাফাত সানিকে আটক করা হয়েছিল বলে দাবি করেন তার পরিবার ও সহকর্মীরা। ওই সময় তার আটকের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো দেশের সাংবাদিক সমাজ। দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করে তার দ্রুত মুক্তি দাবি করা হয়। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সত্যতা প্রমাণিত হওয়ায় অবশেষে কারাগার থেকে মুক্ত হলেন এই সংবাদকর্মী।
আব্দুল্লাহ আল নোমান (রামু, কক্সবাজার) 




















