
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার জাদুকাটা নদী ও এর আশপাশের ইজারা বহির্ভূত এলাকায় সব ধরনের বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও নদী সুরক্ষার অংশ হিসেবে ইজারাদারের পক্ষ থেকে এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত ইজারা এলাকার বাইরে থেকে বালু বা মাটি উত্তোলন আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। নিষিদ্ধ এসব পয়েন্টে কেউ বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিখ্যাত শিমুল বাগান ও নদীর পাড় রক্ষার্থে ওই এলাকায় একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন বালু মহাল কর্তৃপক্ষ।
জাদুকাটা-১ ও ২ নম্বর বালু মহালের ইজারাদার নাসির মিয়া জানান, ইজারা সীমানার বাইরে থেকে কোনোভাবেই বালু তোলা যাবে না—এমন মর্মে এলাকায় নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি শিমুল বাগানসংলগ্ন তীর রক্ষা করতে বাঁশের বেড়া দেওয়া হয়েছে, যেন কেউ সেখান থেকে বালু কাটতে না পারে। নদীর তীর রক্ষায় আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় জনসাধারণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
পরিবেশ রক্ষা, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং অবৈধ উত্তোলন রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেছে স্থানীয় সচেতন মহল।
এরশাদুল হক (সুনামগঞ্জ) 




















