
আল-আমিন- নরসিংদী জেলা সংবাদদাতা◾
চলমান রাজনৈতিক সংকট ও অন্তর্বর্তী সরকারের গঠন নিয়ে মুখ খুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নয়, আমরা তার একটি সম্মানজনক বিদায় চাই।”
তিনি বলেন, “জনগণের প্রত্যাশা হচ্ছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। তাই এই সময়ে রাজনৈতিক বিভ্রান্তি নয়, জাতীয় ঐক্য ও স্বচ্ছ নির্বাচনই হোক অগ্রাধিকার।”
সম্প্রতি এনসিপি নামে একটি ছাত্র রাজনৈতিক সংগঠন দাবি করে, চলমান সংকটে ক্ষুব্ধ হয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ দাবি অস্বীকার করা হয়েছে। ড. ইউনূসের তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ার এক ফেসবুক পোস্টে বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
বিএনপির অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, দলটি ডিসেম্বরের মধ্যেই একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জোর দাবি জানাবে। তবে পরিস্থিতির ওপর নজর রেখে আপাতত তারা রাজপথে কোনো বৃহৎ কর্মসূচিতে যাচ্ছে না।
ড. আব্দুল মঈন খান আরও বলেন, “সরকার হয়তো রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ‘পদত্যাগ’ ইস্যুকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা এই অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক।”
বিএনপি মনে করে, বর্তমান সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য রোডম্যাপ ও জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি।
প্রতিবেদকের নাম 




















