
বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ নিয়ে যখন সারা দেশ মগ্ন, ঠিক সেই সুযোগে সুনামগঞ্জে বড় ধরনের চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কাতান শাড়ির একটি বিশাল চালান জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩ নং সুরমা ইউনিয়নের ষোলঘর এলাকায় চোরাচালানের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য মজুদ করা হয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ, পিপিএম-এর নির্দেশনায় শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযানে অংশ নেয়।
জনসাধারণের নজর যখন খেলার পর্দায়, তখন পুলিশ সদস্যরা দুর্গম পথ পাড়ি দিয়ে নদীপথে চোরাকারবারিদের আস্তানায় হানা দেয়। স্থানীয় হোসাইন আজাদের বসতঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় কাতান শাড়ি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, অভিযানের সময় চোরাকারবারিরা খেলা দেখার সুযোগকে কাজে লাগানোর পরিকল্পনা করেছিল। তবে পুলিশের পেশাদারিত্ব ও তৎপরতায় তাদের সেই অপচেষ্টা নস্যাৎ হয়েছে। উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এরশাদুল হক (সুনামগঞ্জ) 



















