
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে নরসিংদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ জুলাই সারাদেশে একযোগে ঘোষিত এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নরসিংদী জেলা কৃষক দল এই সভার আয়োজন করে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম আপেল। জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্সের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় আগামী ২৪ জুলাইয়ের বৃক্ষরোপণ কর্মসূচিকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে দলীয় এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফলভাবে কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ের সকল নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা।
সভায় জেলা কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মোঃ আল-আমিন | নরসিংদী 




















