
নরসিংদীর শিবপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অপব্যবহার রোধে ঝটিকা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত এই যৌথ অভিযানে ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বকেয়া বিল ও জরিমানা বাবদ মোট ১৭ লাখ টাকার বেশি আদায় করা হয়।
অভিযানকালে তিতাসের মূল লাইন থেকে অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে টানা ১৮টি বাণিজ্যিক ও আবাসিক সংযোগ তাৎক্ষণিকভাবে কেটে দেওয়া হয়। এ সময় তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের বকেয়া বিল বাবদ মোট ১৫ লাখ টাকা স্পটেই আদায় করে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া অবৈধভাবে সংযোগ গ্রহণ ও গ্যাস ব্যবহারের অপরাধে ‘বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করে মোট ৮টি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে সর্বমোট ২ লাখ ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ সংযোগ রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের পাশাপাশি সরকারের বিপুল রাজস্ব ক্ষতির কারণ। এটি বৈধ গ্রাহকদের গ্যাস সরবরাহে মারাত্মক সংকট তৈরি করে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। জাতীয় সম্পদ রক্ষা ও জনস্বার্থে নরসিংদী জেলা জুড়েই অবৈধ সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মোস্তফা মিয়া, নরসিংদী 



















