
কুড়িগ্রামের উলিপুরে প্রাইভেট পড়তে গিয়ে ১০ বছরের শিশু লতিফুল ইসলাম নিখোঁজ হওয়ার পর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মা। সন্তান নিখোঁজের পর থেকে কান্না আর হতাশায় কাটছে তাদের প্রতিটি দিন।
নিখোঁজ লতিফুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আবু জাহিদ বাদল ও লতিফা বেগম দম্পতির একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই সকালে লতিফুল নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশে বের হয়। পড়া শেষের নির্ধারিত সময় পার হয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও লতিফুলের দেখা না পেয়ে পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে এবং স্বজনদের বাড়িতে খোঁজখবর নেওয়া শুরু করেন। তবে আত্মীয়-স্বজনসহ আশপাশের এলাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সন্ধান চালিয়েও তার কোনো হদিস পাওয়া যায়নি।
সন্তানহারা মা লতিফা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “লতিফুলই আমাদের একমাত্র সন্তান। সে হারিয়ে যাওয়ার পর থেকে আমাদের বুকটা খালি হয়ে আছে। দিন-রাত ওর চিন্তায় ঘুম আসে না। কেউ যদি আমার বুকের মানিককে খুঁজে পান বা কোনো খবর জানেন, দয়া করে আমাদের সন্তানকে আমাদের কোলে ফিরিয়ে দিন।”
নিখোঁজ শিশুর শারীরিক বিবরণ:
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ লতিফুল ইসলামের বয়স ১০ বছর এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৬ ইঞ্চি। তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল লম্বাটে এবং মাথার চুল কালো ও মাঝারি ছোট। সে স্থানীয় কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে।
ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছেন। কোনো হৃদয়বান ব্যক্তি যদি শিশু লতিফুল ইসলামের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধি 



















