
খাইরুল ইসলাম◾
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার পর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টায় তিনি কারামুক্ত হন। জামিনে মুক্তির পর সরাসরি গণমাধ্যমের সামনে কথা না বললেও, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে একটি স্ট্যাটাসে তিনি পাশে থাকা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
নুসরাত ফারিয়ার দেওয়া প্রথম স্ট্যাটাসে তিনি লিখেন, “সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।” যদিও পরবর্তীতে এই স্ট্যাটাসটি পেজ থেকে সরিয়ে ফেলা হয়।
এর কিছুক্ষণ পর তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আরেকটি স্ট্যাটাস দেওয়া হয়, যেখানে অ্যাডমিনের মাধ্যমে বলা হয়, “জীবনের সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন, তাদের এই সাপোর্ট-ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদের। তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।”
গত রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। এরপর তাকে ডিবির কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে ২২ মে তার জামিন শুনানির দিন ধার্য করা হয়। পরে একদিন পর তার আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
নুসরাত ফারিয়ার এ মুক্তি নিয়ে তার ভক্ত ও সহকর্মীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। দীর্ঘ দুই দিনের কঠিন সময় কাটিয়ে তিনি এখন পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে। সকলের সহায়তা ও ভালোবাসায় তিনি আবারো সামনে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এখন সবাই অপেক্ষায় আছেন, নুসরাত ফারিয়ার পরবর্তী পদক্ষেপ কী হবে এবং তিনি কীভাবে তার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাবেন।
প্রতিবেদকের নাম 















