
মো: খাইরুল ইসলাম- ঢাকা◾
রাজধানীর বংশাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. দ্বীন ইসলাম ওরফে অন্তর (১৯), আমির হামজা (১৯) এবং মো. আকাশ রহমান তানভীর (২২)।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৮ মে) ভোরে রাজধানীর মুগদা থানার দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ১৬ মে সকাল সাড়ে ৭টায় মানিকগঞ্জ থেকে শুভযাত্রা পরিবহনের একটি বাস ঢাকার ফুলবাড়ীয়া বাস টার্মিনালে এসে পৌঁছায়। রাত সাড়ে ৯টার দিকে বাসটি পার্ক করা হয় বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিস সদর দপ্তরের সামনে। এরপর হেলপার খাইরুল ইসলাম বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর আরেক হেলপার কাকন ও তার মামাতো ভাই আরব আলীও বাসে প্রবেশ করে ঘুমাতে যান।
রাত ১১টার দিকে হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে গেলে খাইরুল ইসলাম জানালা দিয়ে লাফিয়ে পড়েন। তার সঙ্গেও কাকন বেরিয়ে আসতে সক্ষম হন। তবে বাসের ভেতরে আটকা পড়েন আরব আলী। পাশে থাকা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং আরব আলীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বিষয়টি নিয়ে বংশাল থানায় একটি মামলা দায়ের করেন বাসের হেলপার খাইরুল ইসলাম। তদন্তে জানা যায়, গ্রেপ্তার তিন যুবকসহ আরও কয়েকজন মিলে পূর্বপরিকল্পিতভাবে বাসে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে হত্যাচেষ্টা ও সম্পত্তির ক্ষতিসাধন করেন।
ঘটনায় নগদ ১৩ হাজার ২০০ টাকা এবং বাসের বিভিন্ন অংশ পুড়ে প্রায় দুই লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদকের নাম 






















