
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কাজল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মৌয়াকুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে মৌয়াকুড়া এলাকায় একটি স্কুলের সামনে মাদক কেনাবেচার খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কাজল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানিয়েছেন, তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
র্যাব-৯, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অবস্থান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
এরশাদুল হক (সুনামগঞ্জ) 



















