
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এক শিক্ষার্থীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় জেলার বেহাল সড়ক সংস্কার, অনিয়ন্ত্রিত অবৈধ ইজিবাইক ও অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সড়কে অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। সাধারণ মানুষকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অবিলম্বে অবৈধ ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা, সড়ক সংস্কার এবং স্থায়ী ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’-এর আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আতিকুর রহমান আপেল, শিক্ষক মুফিজুল ইসলাম, ছাত্র ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া আহ্বায়ক ওমর ফারুক এবং কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আমিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
শেখ জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 



















