
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও জনস্বার্থে নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অতিরিক্ত শব্দ ও নিষিদ্ধ হর্ন ব্যবহার করার অপরাধে তিনটি যানবাহনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২ আগস্ট ২০২৬) পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরী ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের পরিদর্শক আরিফা।
সংশ্লিষ্টরা জানান, যানজট ও জনবহুল এলাকায় অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দে হর্ন বাজানো এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে ৩টি যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের টিম ছাড়াও জেলা আনসার সদস্যদের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বাস্থ্য সুরক্ষায় ও শব্দদূষণ নিয়ন্ত্রণে নরসিংদী জেলাজুড়ে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মোঃ আল-আমিন | নরসিংদী 



















