
রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত মো. রাসেল (৩০) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ।
রবিবার (২ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি বিশেষ আভিযানিক দল রামপুরা বনশ্রীর মেরাদিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাসেল বিজ্ঞ আদালতের রায়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি ছিলেন। দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি আত্মগোপনে ছিলেন।
এ বিষয়ে শাহজাহানপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
নিজস্ব প্রতিবেদক | ঢাকা 



















