
মোঃ তাওহিদুল ইসলাম,উপজেলা প্রতিনিধি কালিয়াকৈর (গাজীপুর)★ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গার বান্দ গ্রামে শুক্রবার মধ্যরাতে অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাবার বাড়িতে এক সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। ডাকাতরা জানালার গ্রিলের রড ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর তার বাবাকে বেঁধে রেখে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, আনুমানিক রাত ২টার দিকে ছয়জন মুখোশধারী যুবক পরিকল্পিতভাবে বাড়ির জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা প্রথমেই অতিরিক্ত ডিআইজির বৃদ্ধ বাবাকে বেঁধে ফেলে এবং অন্যান্য সদস্যদের হুমকি দিয়ে একটি কক্ষে আটকে রাখে। পরে আলমারির তালা ভেঙে সঞ্চিত মালামাল লুট করে নেয়।
ডাকাতির পর ধারণ করা একটি ছবিতে দেখা যায়, আলমারি তছনছ অবস্থায় রয়েছে। ফাইলপত্র, কাপড়চোপড় এলোমেলোভাবে পড়ে আছে, এবং তালা ভাঙার স্পষ্ট চিহ্ন দেখা যায়।
পরিবারের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন,
“ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছি। জানালার গ্রিল কেটে প্রবেশের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও এলাকার সন্দেহভাজনদের খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগিরই অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।”
এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 




















