
আরিফুর রহমান তীব্র- লক্ষ্মীপুর◾
লক্ষ্মীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রায় ৭০০টি স্বর্ণের দোকান। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. রিপুনুল হাসানকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলায় গ্রেপ্তারের প্রতিবাদেই এমন সিদ্ধান্ত নিয়েছে জেলার জুয়েলার্স সমিতি।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে জেলা শহরের স্বর্ণকার রোডে বৃষ্টিভেজা সকালে মানববন্ধন করে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। এতে শহর ও উপজেলার সকল জুয়েলারি দোকান বন্ধ থাকে। এই হঠাৎ কর্মসূচিতে বিপাকে পড়েছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। অনেকেই আগেই অর্ডার দেওয়া গহনা বুঝে না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন।
জেলা জুয়েলার্স সমিতির নেতারা এ গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে মো. রিপুনুল হাসানের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
জেলা জুয়েলার্স কমিটির সভাপতি সমীর কর্মকার বলেন, “যাচাই-বাছাই না করেই দেশের স্বর্ণ ব্যবসার নেতৃত্বে থাকা একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে ব্যবসায়িক পরিবেশ নষ্ট করা হচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক পরেশ কর্মকার জানান, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত দোকান খুলছি না। প্রয়োজনে সারা দেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
ব্যবসায়ীদের ভাষ্য, এ ধরনের ঘটনার কারণে সাধারণ ব্যবসায়ীরাও আতঙ্কে রয়েছেন। অনেকেই মনে করছেন, ব্যবসা পরিচালনা এখন অনিরাপদ হয়ে পড়ছে। অন্যদিকে, সাধারণ গ্রাহকরাও বিপাকে পড়েছেন।
জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দোকান বন্ধ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলছে। তবে আন্দোলন দীর্ঘস্থায়ী হলে স্বর্ণ ব্যবসা ও সাধারণ গ্রাহকের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 




















