
◼️ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা কামনায় রিকশা-ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ।
সোমবার (২৫ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান, প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. এ. কে. এম. মতিনূর রহমান, প্রফেসর ড. জাকির হোসেন, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি ও এস্টেট অফিস প্রধান মোঃ আলাউদ্দিন, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি মোঃ আব্দুল মঈদ বাবুল এবং জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ। এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী বলেন, “ফ্যাসিস্টমুক্ত দেশ বর্তমানে অনেকটাই নিরাপদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফায় যে ঐক্যের কথা বলা হয়েছে, তা আজও প্রাসঙ্গিক। রেইনকোট বিতরণ যথেষ্ট নয়, মেহনতি মানুষসহ সকল শ্রেণির মানুষের পাশে দাঁড়াতে হবে।”
উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “জাতীয়তাবাদী রাজনীতি করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে হবে। তাঁর আদর্শ অনুপস্থিত রেখে জাতীয়তাবাদী রাজনীতি চলতে পারে না। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও দেশ পরিচালনায় আসবেন, এই প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, “দলের চেয়ে দেশ বড়। রাজনীতি হতে হবে মানুষের কল্যাণে। তাহলেই আমরা গড়তে পারবো একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ—যে বাংলাদেশ হবে ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত।”
প্রতিবেদকের নাম 
























