
আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ (বিপিএম-সেবা)। তিনি স্পষ্ট করে বলেছেন, পুলিশ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়; বরং জনগণের কল্যাণে কাজ করবে।
সোমবার (১৩ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টার্সে জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ডিএমপি কমিশনার বলেন, অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই। অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করতে হবে। বিশেষ করে থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক কারবারিদের নির্মূল, ছিনতাই ও চাঁদাবাজি রোধে নিয়মিত অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। কোনো এলাকায় যেন অপরাধ সংঘটনের সুযোগ না থাকে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
কর্মক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “ভালো কাজের স্বীকৃতি অবশ্যই থাকবে এবং তা পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করা হবে। তবে দায়িত্ব পালনে অবহেলা, শৃঙ্খলা ভঙ্গ কিংবা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন কমিশনার। সভায় জুন মাসে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক | ঢাকা 




















