
◼️মাসুদ রানা মিশু
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে নওগাঁ জেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটি বলেছে— রাষ্ট্রযন্ত্রের নিষ্ক্রিয়তা ও নীরবতা প্রমাণ করছে দেশে সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা চরম বিপর্যয়ের মুখে।
মাত্র এক দিনের ব্যবধানে গাজীপুরে ঘটে দুটি ভয়াবহ হামলা। প্রথমে বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেনকে থানার সামনেই ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। তার পরদিনই নির্মমভাবে জবাই করা হয় আসাদুজ্জামান তুহিনকে— যা গণমাধ্যমের ইতিহাসে এক নৃশংস অধ্যায়।
নওগাঁ জেলা বিএমএসএফ-এর সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম হেলাল এবং দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা মিশু যৌথ বিবৃতিতে বলেন—
“সাংবাদিক হত্যার মতো জঘন্য অপরাধের পরও রাষ্ট্রযন্ত্রের দায়সারা ভূমিকা ক্ষমাহীন। অবিলম্বে জড়িতদের গ্রেফতার না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়বিচার ধ্বংসের মুখে পড়বে।”
সংগঠনটি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সতর্ক করেছে— অপরাধীরা আইনের আওতায় না এলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিএমএসএফ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র ও রাষ্ট্রের প্রতি আস্থা ভেঙে পড়বে, যা কারো জন্য শুভ হবে না।
প্রতিবেদকের নাম 


























