
মোঃ হারুন অর রশিদ,বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মুকুল মন্ডল (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়৷ এর আগে সকালে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মুকুল মন্ডল ওই গ্রামের আব্দুল বাছেদ মন্ডলের ছেলে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।
তারা হলেন, ওসমান গনি (৫০), মেঘা মণ্ডল (৩২) সবুজ মণ্ডল (৫৮) আবেদা বেগম (৫৫) মামুনুর রশিদ (৪৫) আয়ান আলী (২৮) ও সুমন ইসলাম (২৯)। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, মুকুল মন্ডলের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের আনোয়ারুল ইসলাম মাষ্টারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকাল ৮টায় দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ করেই আনোয়ারুল ইসলাম, তার ভাই ভাতিজা সহ ৬-৭ জনের একদল লোক মুকুল মন্ডলের বাড়িতে গিয়ে হামলা চালায়।
এসময় মুকুল মন্ডল, তার বাবা-মা ভাইসহ ৭ জনকে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। গ্রামবাসী আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মুকুল মন্ডলের মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আশিক ইকবাল আরও জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।।
প্রতিবেদকের নাম 










