
খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। রোববার (০২ আগস্ট) বেলা সাড়ে ১২টায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইলিয়াস সরদার (৪২), মোঃ সুজন (৩৮) এবং নান্না বেপারি (৫৭)।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানার রায়পাড়া এলাকার নান্না বেপারির বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার বাসা তল্লাশি করে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজতে থাকা দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে খুলনাসহ আশপাশের এলাকায় অস্ত্র দেখিয়ে ত্রাস সৃষ্টি ও অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) থানাসহ পিরোজপুর ও বরগুনা জেলায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসহ আসামিদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।
হাসিব গাজী (খুলনা) 
















