
মো:সাদেকুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রতিনিধি : ৫ ই আগস্ট আওয়ামী লীগের পতন হওয়ার পর আওয়ামী লীগ সমর্থিত উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল প্রজন্মকে প্রতিবন্ধী বলে অভিহিত করেন। এরই পরিপ্রেক্ষিতে উত্তর বাংলা কলেজের ইংরেজি প্রভাষক তামান্না অধ্যক্ষ আব্দুর রউফ সরকার এর বিরুদ্ধে একক নেতৃত্বে মাঠে নামেন। এবং ডিসি অফিসের সামনে সারাদিন ব্যাপী না খেয়ে অনশন শুরু করেন। সারাদিন অনশন পালন করার পর লালমনিরহাট এর সুযোগ্য জেলা প্রশাসক এস এম রকিব হায়দার ও লালমনিহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম আন্দোলনরত উত্তর বাংলা ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক তামান্নাকে আশ্বস্ত করেন যে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন কর্তৃক অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করার নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা শাখা) এস এম শাফায়াত নুর স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এস তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না একই কলেজের অধ্যক্ষ আবদুর রউফ সরকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। দাখিলকৃত অভিযোগে অধ্যক্ষ আবদুর রউফ সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিবন্ধী প্রজন্ম উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট দেন, যা সাম্প্রতিক সময়ে সংঘটিত ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক।’
চিঠিতে আরও উল্লেখ করা হয়, দাখিল করা অভিযোগ ও অধ্যক্ষের ফেসবুক পোস্টের মর্মানুযায়ী কলেজের গভর্নিং বডির সদস্যদের সমন্বয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোবাশ্বির হোসেন চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এস তাবাসসুম রায়হান মুসতাযীর গত রোববার দুপুর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি শুরু করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিবন্ধী প্রজন্ম বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় অধ্যক্ষ আবদুর রউফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কলেজের গভর্নিং বডি অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পরে বিকেল পাঁচটার দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অনশন ভঙ্গ করেন তাবাসসুম রায়হান।
কলেজশিক্ষক তাবাসসুম রায়হান মুসতাযীর বলেন, অধ্যক্ষের ফেসবুক পোস্টে যেভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে লেখা হয়েছে, তা একপেশে ও ফ্যাসিস্ট সরকারের মনোভাবের প্রতিফলন। এ জন্য তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন করেছেন।
এ বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও অধ্যক্ষ আবদুর রউফ সরকার ফোন ধরেননি।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার সাংবাদিকদের বলেন, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে ফেসবুকে প্রতিবন্ধী প্রজন্ম বলে আখ্যা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ জন্য তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা থেকে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জরুরি চিঠি দেওয়া হয়েছে।
সাদেকুল ইসলাম 










